হালিম সৈকত, কুমিল্লা।
গত ৪ই এপ্রিল বড় গাজীপুর বাস্তহারায় রুবেল নামে এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ গৌরীপুর-হোমনা মহাসড়ক সংলগ্ন গাজীপুর বাস্তহারায় মানববন্ধন করেন নিহত রুবেলের পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে রুবেলের স্ত্রী জানান, যেসব ব্যক্তি তার স্বামীকে হত্যা করেছে, তারা সবাই তার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি অভিযোগ করে বলেন, “বাস্তহারা জায়গা নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।
এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে বলে আমি মনে করি। আমি প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি।”
তিনি আরও বলেন, “যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যাদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদের সবাইকে ফাঁসির দণ্ড দেওয়া হোক।”
রুবেলের মা-ও তার বক্তব্যে একই দাবি জানান, “আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ ফাঁসি চাই। যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।”
স্থানীয় এলাকাবাসীও এই ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানায়।
প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ । ১১:৫৯ অপরাহ্ণ