নিজস্ব প্রতিবেদক,
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তির (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া সম্প্রতি একজন প্রথম শ্রেণির ঠিকাদারের পক্ষে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে লোন পাওয়ার জন্য লিখিত সুপারিশ করেছেন। এ ঘটনায় স্বার্থসংঘাত, নৈতিকতার লঙ্ঘন ও প্রশাসনিক আচরণ বিধিমালার ব্যত্যয়ের অভিযোগ উঠেছে।
প্রাপ্ত “সম্মতি পত্র” অনুযায়ী, ঠিকাদার মীর সাকিব রাজা সাইফ, মালিক – মেসার্স সাকিব কনস্ট্রাকশন, একটি আর্থিক প্রতিষ্ঠানে লোনের জন্য আবেদন করেন। ওই প্রক্রিয়ায় এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া তার সরকারি পদবী ব্যবহার করে সাকিবের জন্য সুপারিশ করেন।
সুপারিশ পত্রে প্রকৌশলী নিজে স্বাক্ষর করে লিখেছেন, “তিনি আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করেন এবং আমি তাকে লোন গ্রহণে সহায়তা করার জন্য সুপারিশ করছি।” এতে তার দপ্তরের নাম ও সরকারি প্যাড ব্যবহার করা হয়েছে।
প্রশাসন বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মচারীদের ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯’ অনুযায়ী, তারা কোনো ব্যক্তির জন্য আর্থিক প্রতিষ্ঠান বা তৃতীয়পক্ষের পক্ষে ব্যক্তিগত সুপারিশ করতে পারেন না, বিশেষত যদি সেই ব্যক্তি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাজের সঙ্গে যুক্ত থাকেন।
টিআইবি’র এক সিনিয়র রিসার্চার বলেন, “এটি একটি ক্লাসিক কেস অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সরকারি কর্মকর্তারা এভাবে সরকারি পদমর্যাদা ব্যবহার করে কোনো ঠিকাদারের পক্ষ নিতে পারেন না।”
এ বিষয়ে জানতে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়াকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায়ও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দুর্নীতি দমন কমিশনের এক সাবেক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যদি প্রমাণ হয় যে এই সুপারিশ সরকারি পদমর্যাদা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে করা হয়েছে, তাহলে এটি তদন্তযোগ্য অপরাধ এবং প্রয়োজন হলে দুদক ব্যবস্থা নিতে পারে।”
মীর সাকিব রাজা সাইফ তার জীবনবৃত্তান্তে নিজেকে প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে পরিচয় দিয়েছেন এবং এলজিইডির বিভিন্ন প্রকল্পে সরাসরি কাজ করার তথ্য উল্লেখ করেছেন। তার এনআইডি, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও সাধারণ নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠেছে—একজন প্রধান প্রকৌশলী যদি সরকারি প্যাড ব্যবহার করে একজন ঠিকাদারের পক্ষে আর্থিক সুবিধা আদায়ে সাহায্য করেন, তাহলে ভবিষ্যতে এমন অনৈতিক সম্পর্ক আরও কতদূর যেতে পারে?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫ । ৪:০৫ অপরাহ্ণ