নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকান বন্ধ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৮ মে (সোমবার) দুপুরে উপজেলার উত্তর বায়নগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১টা ০৫ মিনিটে ভুক্তভোগী শিশুটি তার বাড়ির পাশে একটি দোকানে জিনিস কিনতে যায়। ওই সময় দোকানে অন্য কোনো ক্রেতা না থাকার সুযোগে, দোকান মালিক দেলোয়ার হোসেন ভূঁইয়া (৪৫) শিশুটিকে বিস্কুট ও চকলেট দেওয়ার লোভ দেখিয়ে দোকানের ভেতর ডেকে নেয়। শিশুটি ভেতরে প্রবেশ করা মাত্রই লম্পট দেলোয়ার দোকানের দরজা বন্ধ করে দেয় এবং ভেতরে থাকা চৌকির ওপর নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত দেলোয়ার তাকে ঘটনাটি কাউকে না বলার জন্য এবং বললে বাবা-মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তবে শিশুটির চিৎকার শুনতে পেয়ে আশেপাশের কয়েকজন প্রতিবেশী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বন্ধ দোকানের শাটারে ধাক্কাধাক্কি শুরু করেন। বেগতিক দেখে অভিযুক্ত দেলোয়ার হোসেন তড়িঘড়ি করে দোকানের শাটার খুলে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ১০:২৮ অপরাহ্ণ