মোঃ শফিকুল ইসলাম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক ও গাইডওয়াল নির্মাণ প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই গাইডওয়ালের বিভিন্ন অংশ ধসে পড়া এবং সড়কের নিচ থেকে মাটি সরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ডাম্পিং স্টেশনের যাতায়াতের জন্য এই সড়ক ও গাইডওয়াল নির্মাণের কাজ পায় ‘বিসমিল্লাহ ট্রেডার্স’। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটির নামমাত্র দায়িত্ব থাকলেও মূলত সুবাহান নামের এক ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়মের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন গাইডওয়ালের একাধিক স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে। সড়কের কার্পেটিংয়ের আগে যথাযথ ‘প্রাইম কোট’ ব্যবহার না করায় পিচ উঠে যাচ্ছে। প্রকল্পের সিডিউল অনুযায়ী যে মানের ইট ও উপকরণের কথা ছিল, তার বদলে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি গাইডওয়াল নির্মাণের নির্ধারিত গভীরতা ও প্রস্থও বজায় রাখা হয়নি বলে স্থানীয়রা দাবি করছেন।
এ বিষয়ে ঠিকাদার সুবাহান দাবি করেন, বৃষ্টির মধ্যে কাজ হওয়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে, যা পরে মেরামত করা হবে।
তবে প্রকল্পের তদারকিতে থাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, কাজের মান নিয়ে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
প্রকল্পটি বাস্তবায়নের আগেই যেভাবে ধস দেখা দিচ্ছে, তাতে বর্ষা মৌসুমে সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কাজের গুণগত মান যাচাই করতে ‘কোর কাটিং’ বা ল্যাব টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হবে। অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বিল আটকে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ৪:১২ অপরাহ্ণ