কুমিল্লার দাউদকান্দিতে ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা একটি মিনি পিকআপ চুরির ঘটনা ঘটেছে। গাড়িটি ফেরত দেওয়ার কথা বলে মালিকের কাছে বিকাশে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে একটি চক্র। এ ঘটনায় গাড়ির মালিক মো. রেজাউল করিম মিয়াজী বাদী হয়ে চালকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টা থেকে পরদিন দুপুর ২টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন উত্তর সেন্দি এলাকার ‘তাসফিন ফিলিং স্টেশন’ থেকে পিকআপটি চুরি হয়। গাড়িটির চালক মো. আলতাফ হোসেন গাড়িটি নির্দিষ্ট গ্যারেজে না রেখে ওই ফিলিং স্টেশনে রেখেছিলেন।
ঘটনার পর থেকে চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে চালককে খুঁজে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন ও সন্দেহজনক কথাবার্তা বলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পিকআপ চুরির কিছুক্ষণ পর একটি চক্র মোবাইল ফোনে যোগাযোগ করে গাড়িটি ফেরত দেওয়ার বিনিময়ে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে এবং একটি বিকাশ নম্বর পাঠায়।
চুরি হওয়া মিনি পিকআপটি উদ্ধার এবং চালক আলতাফ হোসেনসহ সংশ্লিষ্ট চক্রকে গ্রেপ্তারের দাবিতে দাউদকান্দি মডেল থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৫:৪১ অপরাহ্ণ