নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও ধারাবাহিক প্রচেষ্টার পর আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। ‘সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত এই সংস্থাটির অনুকূলে নিবন্ধন নম্বর এস-১৫৫১২/২০২৬ বরাদ্দ করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা, অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে এই সেল। সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে সংগঠনটির দেশব্যাপী কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পেল এবং এর পরিধি আরও সুসংগঠিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হলো।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই এই সেলের মূল লক্ষ্য। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো, বিনামূল্যে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংস্থাটি মাঠপর্যায়ে ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
নিবন্ধন প্রাপ্তির বিষয়ে সংগঠনটির পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির বলেন, ‘দীর্ঘদিনের পথচলা, ত্যাগ ও পরিশ্রমের পর আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে আমরা এ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করতে পেরেছি। এই অর্জন আমাদের ভবিষ্যৎ কাজের পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।’
সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা বহুগুণ বেড়ে গেল। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা কোনো আপস করব না। দেশজুড়ে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে আইনি ও সামাজিক লড়াইয়ে সেলটি আরও দৃঢ়ভাবে মাঠে থাকবে।’ একই সঙ্গে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে সহায়তাকারী সকল শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।
‘সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে দ্রুতই দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৫:০২ পূর্বাহ্ণ