তিতাসে সরকারি ঘর বিক্রি ও দখল উৎসব।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ১:৫৪ অপরাহ্ণ

 

হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য মাথার ওপর একটি স্থায়ী ছাদ নিশ্চিত করার লক্ষ্যে ১১ হাজার কোটি টাকারও বেশি খরচ করে বাস্তবায়ন করা হয়েছিল সরকারি ‘আশ্রয়ণ প্রকল্প’। কিন্তু কুমিল্লার তিতাস উপজেলায় সেই আশ্রয়ণ প্রকল্প এখন অনিয়ম, অবৈধ দখল আর অপরাধ চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না প্রকৃত উপকারভোগীরা; উল্টো হস্তান্তরিত ঘর বিক্রি, ভাড়া দেওয়া এবং অবৈধ দখলের উৎসব চলছে।

তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সরেজমিনে অনুসন্ধানে মিলেছে অবৈধ দখলের চাঞ্চল্যকর চিত্র। জানা যায়, উক্ত প্রকল্পের একটি ঘর সরকারিভাবে বরাদ্দ পান স্বামীপরিত্যাক্তা নুরজাহান বেগম (পিতা: নুরু মিয়া)।

তবে বিভিন্ন অপকর্মের অভিযোগের মুখে তিনি বরাদ্দকৃত ঘর ছেড়ে নিরুদ্দেশ হন। নুরজাহানের অনুপস্থিতির সুযোগ নিয়ে সরকারি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ঘরটি বেআইনিভাবে দখল করে বসবাস শুরু করেন জাফর আলীর ছেলে আলম, তার স্ত্রী সাজু আক্তার।

অনুমতিহীন এ অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক তোফাজ্জল হোসেন। আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুমকে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা তানজুম বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত কাজ পরিচালনা করা হচ্ছে। সত্যতা যাচাই সাপেক্ষে অসাধু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এবিষয়ে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন, বিষয়টি আমি জেনেছি। মহিলা বলেছেন কোন এক মেম্বার ৯০ হাজার টাকার বিনিময়ে তাকে স্ট্যাম্প করে ঘরটি দিয়েছে। যে মহিলা অবৈধভাবে বসবাস করছে তাকে ডেকে বলে দিয়েছি, সরকারি ঘর বেঁচা কেনা হয় না। আপনি ঘর ছেড়ে দেন।

তবে স্থানীয়দের অভিযোগ, অনিয়মের এ চিত্র কেবল তুলাকান্দি গ্রামেই সীমাবদ্ধ নয়; তিতাস উপজেলার প্রায় প্রতিটি আশ্রয়ণ প্রকল্পই নানামুখী সমস্যায় জর্জরিত। প্রকৃত ভূমিহীনদের অনেকে ঘর না পেয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, অথচ বরাদ্দপ্রাপ্তদের একাংশ ঘর পাওয়ার পর চড়া দামে বিক্রি করে দিয়েছেন বা ভাড়া হাঁকিয়েছেন। আবার কোনো কোনো প্রকল্পে নিয়মিত বসছে মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের আসর।

প্রশাসনের নজরদারির অভাব ও স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজশে সরকারের এ মানবিক উদ্যোগ আজ প্রশ্নবিদ্ধ। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, দ্রুত প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে নিরপেক্ষ তদন্ত চালিয়ে ভুয়া ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ভূমিহীনদের হাতে ঘরগুলো পুনরায় তুলে দেওয়া হোক।

প্রিন্ট করুন