দিদারুল আলম:
আসন্ন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের (বরকোটা, নোয়াপাড়া ও ডেকরীখলা গ্রাম) সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন এলাকার পরিচিত মুখ ও সমাজসেবক মো. বিল্লাল হোসেন সিকদার। নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. বিল্লাল হোসেন সিকদার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় এলাকার ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট লক্ষ্য ও প্রতিশ্রুতির কথা জানিয়ে মো. বিল্লাল হোসেন সিকদার বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং ন্যায়ভিত্তিক সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে চান।
বিশেষ করে এলাকার যুবসমাজকে রক্ষা করতে তাঁর কার্যক্রমে মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি কিশোর গ্যাং ও সব ধরনের সন্ত্রাসমুক্ত একটি আধুনিক সমাজ গঠন এবং যুবসমাজকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই পদপ্রার্থী।
একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা ও দোয়া চেয়েছেন মো. বিল্লাল হোসেন সিকদার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ১০:৩৪ অপরাহ্ণ