নিজস্ব প্রতিনিধি:
শিক্ষা কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর এবার নতুন নাটকীয়তা শুরু হয়েছে। আগের দুই পর্বে ‘শিক্ষা সংবাদ’ ও ‘শিক্ষাবার্তা’র আড়ালে আল-আমিন হোসেন মৃধা এবং এ এইচ এম সায়েদুজ্জামানের কথিত সিন্ডিকেট ও ব্ল্যাকমেইলিংয়ের নানা তথ্য উঠে আসার পর, সংবাদ প্রকাশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা।

একদিকে দৈনিক ভোরের নতুন বার্তায় ফোন করে প্রতিবেদন প্রকাশ বন্ধের তদবির করা হচ্ছে, অন্যদিকে হোয়াটসঅ্যাপে বারবার কল করছেন আল-আমিন মৃধার সহকর্মী হিসেবে পরিচিত আফসানা আনু ও সায়েদুজ্জান। তবে সবচেয়ে বিস্ময়কর চিত্র উঠে এসেছে প্রতিবেদকের হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে; যেখানে নিজেকে ‘সম্পাদক’ ও ‘সাংবাদিকতায় মাস্টার্স’ দাবি করা এক সায়েদুজ্জানের বার্তায় ফুটে উঠেছে অহংবোধ এবং প্রাথমিক স্তরের বানান ও ভাষাগত অসংগতি।
অনুসন্ধানের প্রথম পর্বে উঠে এসেছিল, ‘শিক্ষা সংবাদ’ অনলাইনের নাম ভাঙিয়ে আল-আমিন মৃধা কীভাবে শিক্ষা কর্মকর্তাদের নানা রাজনৈতিক তকমা ও বানোয়াট সংবাদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। সে সময় শিক্ষাভবনে প্রভাব বিস্তারে তাঁর সহযোগী হিসেবে আফসানা ও আরাফাতের নামও সামনে আসে।
দ্বিতীয় পর্বে দৈনিক শিক্ষাডটকমের ২০২৫ সালের ১৫ অক্টোবরের একটি প্রতিবেদনের সূত্র ধরে ‘শিক্ষাবার্তা’র এ এইচ এম সায়েদুজ্জামানের বিরুদ্ধে ভুয়া সাংবাদিকতা, তদবির বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন এবং আদালতের মামলার তথ্য প্রকাশিত হয়। সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের জিম্মি করে অর্থ আদায়ের এসব গুরুতর অভিযোগের তথ্য-প্রমাণভিত্তিক জবাব না দিয়ে, উল্টো সংবাদ প্রকাশ ঠেকানোর পথ বেছে নিয়েছেন অভিযুক্তরা।
দ্বিতীয় পর্ব প্রকাশের পরপরই দৈনিক ভোরের নতুন বার্তার দপ্তরে ফোন করে প্রতিবেদনটি আর না ছাপানোর অনুরোধ জানানো হয়। গণমাধ্যমের নীতিমালা অনুযায়ী, প্রকাশিত কোনো সংবাদে তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি লিখিত প্রতিবাদ বা প্রমাণপত্র পাঠাতে পারেন। কিন্তু তথ্য-প্রমাণের পথে না হেঁটে সরাসরি সংবাদ বন্ধের তদবির করা প্রমাণ করে যে, অভিযোগগুলোর মুখোমুখি হওয়ার মতো নৈতিক অবস্থান তাঁদের নেই।
একই সময়ে আল-আমিন মৃধার ঘনিষ্ঠ সহযোগী আফসানা আনু ও সায়েদুজ্জামান হোয়াটসঅ্যাপে একের পর এক কল দিয়ে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে সমালোচনা শুরু হয়েছে ‘এম সায়েদুজ্জামান, সম্পাদক’ নামে সংরক্ষিত একটি নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ বার্তায়। প্রতিবেদকের হাতে থাকা স্ক্রিনশটে দেখা যায়, প্রথমে ‘hi’ লিখে এবং পরপর দুটি মিসড কল দিয়ে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘সম্পাদক সাহের আপনি কতিথ সাংবাদিক বলেছেন। আমি সাংবাদিকতায় মাস্টার্স এটা কি জানেন?’
একজন ব্যক্তি যিনি নিজেকে একটি সংবাদমাধ্যমের ‘সম্পাদক’ হিসেবে পরিচয় দিচ্ছেন এবং ‘সাংবাদিকতায় মাস্টার্স’ ডিগ্রির বড়াই করে অন্যের পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁর নিজের লেখা দুটি বাক্যেই রয়েছে দৃষ্টিকটু বানান ভুল ও ভাষার চরম দীনতা। বাংলা ভাষার অতি সাধারণ ও বহুল ব্যবহৃত শব্দ ‘কথিত’ লিখতে গিয়ে তিনি লিখেছেন ‘কতিথ’ আবার সাংবাদিক ‘সাহেব’ লিখতে গিয়ে লিখেছেন ‘সাহের’ ।
পাশাপাশি বাক্য গঠনে যতিচিহ্নের (কমা ও প্রশ্নবোধক চিহ্নের) সঠিক ব্যবহারও অনুপস্থিত। যে সম্পাদকের নিজের লেখায় সাধারণ বানানের এই হাল, তিনি কীভাবে একটি সংবাদমাধ্যম সম্পাদনা করেন এবং অন্যের সাংবাদিকতার মান বিচার করেন তা নিয়ে সাংবাদিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এবিষয়ে একজন সিনিয়র সাংবাদিক ভোরের নতুন বার্তাকে বলেন, সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করাই কারও পেশাদারিত্ব বা নৈতিকতার একমাত্র সনদ হতে পারে না। বরং নামের আগে ‘সম্পাদক’ পদবি বসিয়ে এবং ভুঁইফোড় পোর্টালের কার্ড গলায় ঝুলিয়ে সাধারণ মানুষ ও কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করা সাংবাদিকতার মহান পেশার জন্য চরম কলঙ্ক।
যাঁরা নিজেরাই শুদ্ধভাবে দুই লাইন বাংলা লিখতে পারেন না, তাঁদের হাতে যখন গণমাধ্যমের মতো শক্তিশালী অস্ত্র পড়ে, তখন সেখানে বস্তুনিষ্ঠ সংবাদের বদলে চাঁদাবাজি, তদবির আর ব্ল্যাকমেইলিংয়ের কারবারই প্রাধান্য পায়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৪:২০ অপরাহ্ণ