নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বসবাসকারী এবং ‘মডেল’ পরিচয়ধারী এক তরুণী, নিশা, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্র পরিচালনা করছেন। বাহ্যিকভাবে নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল পরিচয় দিলেও, বাস্তবে তার কর্মকাণ্ড ঘিরে রয়েছে ধনাঢ্য ব্যবসায়ী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের টার্গেট করে কৌশলে ঘনিষ্ঠতা গড়ে তুলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার নেটওয়ার্ক।
বিশ্বস্ত সূত্রগুলো বলছে, নিশার নিয়মিত যাতায়াত চট্টগ্রামের খুলশী, আগ্রাবাদ, জিইসি মোড়, লালখান বাজার ও মুরাদপুরের অভিজাত হোটেল ও পার্টি স্পটগুলোতে। এসব জায়গায় একা থাকা সরকারি কর্মকর্তা, প্রবাসফেরত বিনিয়োগকারী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের খুঁজে নিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি। ধীরে ধীরে গড়ে ওঠে ব্যক্তিগত সম্পর্ক, যার ফাঁদে পড়ে অনেকেই।
নিশার ব্ল্যাকমেইল কৌশল বেশ সূক্ষ্ম ও সংগঠিত। ঘনিষ্ঠ সম্পর্কের সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। এরপর শুরু হয় ভয়ভীতি ও চাপ—“ভিডিও ভাইরাল করে দেব”, “অফিসে পাঠিয়ে দেব”, “মিডিয়ায় তুলে ধরব” ইত্যাদি হুমকি দিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ভুক্তভোগীদের অনেকে সম্মান ও চাকরি রক্ষায় চুপচাপ অর্থ দিয়ে দায় মেটান।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামের অন্তত একজন ইউএনও, একাধিক কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় শিল্পপতিও এ চক্রের টার্গেটে পড়েছেন এবং বিপুল অঙ্কের অর্থ দিয়েছেন নিশাকে। কেউ কেউ আইনগত সহায়তা নেওয়ার কথা ভাবলেও সামাজিক সম্মান হারানোর ভয়ে সামনে আসছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, “এই ধরনের প্রতারক চক্র এখন অনেক হাই-টেক। তারা সুনিপুণভাবে কোনো প্রমাণ রাখে না। তবুও কেউ লিখিত অভিযোগ দিলে আমরা অবশ্যই তদন্ত করব।”
‘মডেল’ পরিচয়ের আড়ালে সংঘটিত এ ধরনের ব্ল্যাকমেইলিং কার্যক্রম সমাজে এক নতুন আতঙ্কের জন্ম দিচ্ছে। বিশেষ করে প্রভাবশালী ও দায়িত্বশীল ব্যক্তিরা যখন এমন প্রতারণার ফাঁদে পড়েন, তখন এর প্রতিক্রিয়া শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ থাকে না—প্রশাসনিক বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর উচিত সোশ্যাল মিডিয়াভিত্তিক প্রতারক চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ানো এবং যারা এভাবে মানুষের ব্যক্তিগত দুর্বলতাকে অস্ত্র বানিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা। পাশাপাশি ভুক্তভোগীদেরও উচিত ভয় না পেয়ে আইনের আশ্রয় নেওয়া।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ । ১:৪৪ অপরাহ্ণ