লটারি ক্যাটাগরিতে সিলেটে নির্বাহী প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা অর্ণব, ক্ষুব্ধ প্রকৌশলীরা
নিজস্ব প্রতিবেদক:
শেরেবাংলা নগর গণপূর্ত মেডিকেল উপ-বিভাগে দায়িত্ব পালনকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রকল্পসহ বিভিন্ন স্বাস্থ্য খাতের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও সিলেট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর ‘প্রাইজ পোস্টিং’ পেয়েছেন অর্ণব বিশ্বাস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি হল শাখা ছাত্রলীগের সাবেক এই নেতার এমন গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে গণপূর্ত অধিদপ্তরে।
অভিযোগ রয়েছে, ময়মনসিংহ গণপূর্তে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এবং পরবর্তী সময়ে ক্যাটাগরি লটারির মাধ্যমে সিলেটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্ব বাগিয়ে নিতে মোটা অঙ্কের আর্থিক লেনদেন করেছেন অর্ণব বিশ্বাস। গণপূর্তের একাধিক প্রকৌশলীর সূত্রে এসব তথ্য জানা গেছে।
অনুসন্ধানে উঠে এসেছে, শেরেবাংলা নগরে দায়িত্ব পালনকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভার্টিক্যাল এক্সটেনশন প্রকল্প থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন অর্ণব বিশ্বাস। এছাড়া ভার্টিক্যাল এক্সটেনশনের কাজ দেখিয়ে বার্ষিক মেরামত খাতের অর্থ তছরুপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) এবং ‘১৩৮/স্বাস্থ্য মেরামত’ খাতের পুরো অর্থই তিনি আত্মসাৎ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ শাসনামলে সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগকারী অর্ণব বিশ্বাসকে এই পদে বসানোর মাধ্যমে অধিদপ্তরে সাবেক সুবিধাভোগী কর্মকর্তাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই পুনর্বাসন প্রক্রিয়ার পেছনে অধিদপ্তরের সংস্থাপন শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফিরোজ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান বিপ্লব এবং সাবেক মন্ত্রীর ভাগ্নে হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী মাযাহার সক্রিয় ভূমিকা পালন করছেন।
দীর্ঘদিন গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভে থাকা এবং বিগত সরকারের প্রভাবশালী রাজনৈতিক বলয়ের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও অর্ণব বিশ্বাসকে সিলেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করায় অধিদপ্তরের সাধারণ ও পেশাদার প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।



