সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলার হুমকি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষই একে অপরের কৌশলগত ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ‘ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি’র সাবাহা কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার চূড়ান্ত সতর্কতা জারি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সেখানে বিশেষ সামরিক অভিযান পরিচালনার আগে সাধারণ মানুষের সুরক্ষায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এর পাল্টা জবাবে সৌদি আরবের অভ্যন্তরে একাধিক কৌশলগত স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের সামরিক মুখপাত্রের পক্ষ থেকে তিনটি প্রধান স্থাপনার আশপাশ থেকে কর্মী ও বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত স্থাপনাগুলো হলো:
“দাম্মামে অবস্থিত সৌদি আরামকোর প্রধান কার্যালয়
“রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর
“রিয়াদে অবস্থিত সৌদি আরামকোর তেল শোধনাগার
এদিকে সৌদি সামরিক জোট জানিয়েছে, সম্প্রতি রিয়াদের উত্তরাঞ্চলে হুতিদের পাঠানো তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে রাজধানী রিয়াদের বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৪ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট কার্যক্রম আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স তাদের সৌদিগামী ও ট্রানজিট ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।
সৌদি আরব এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে হুতিদের বিরুদ্ধেও সামরিক অভিযান জোরদার রেখেছে রিয়াদ। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।



