গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক:
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এনআইডি কার্ডে তথ্য জালিয়াতি, টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য এবং জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এক লিখিত অভিযোগে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং নিজের ওপর অর্পিত ক্ষমতার চরম অপব্যবহার করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।
উত্থাপিত প্রধান অভিযোগসমূহ:
১. এনআইডি কার্ডে তথ্য জালিয়াতি: নিজের দুর্নীতি ও অবৈধ সম্পদের তথ্য আড়াল করতে মো. কায়কোবাদ জাতীয় পরিচয়পত্রে (NID) স্থায়ী ঠিকানা গোপন করেছেন। তিনি সেখানে প্রকৃত ঠিকানা ব্যবহার না করে সরকারি কোয়ার্টারের ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য সন্নিবেশিত করেছেন বলে অভিযোগ রয়েছে।
২. টেন্ডার সিন্ডিকেট ও কমিশন বাণিজ্য: বিগত সরকারের আমলে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে উন্মুক্ত প্রতিযোগিতাহীনভাবে নির্দিষ্ট কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দিতেন তিনি। দরপত্র প্রক্রিয়ায় সরাসরি প্রভাব বিস্তার, টেন্ডার জালিয়াতি ও মোটা অঙ্কের কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি শতকোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
৩. জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার সম্পদ: অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি ঢাকা এবং নিজের নিজ জেলা শেরপুরসহ বিভিন্ন এলাকায় নামে-বেনামে বিপুল সম্পত্তি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে—
শেরপুর: নামে-বেনামে প্রায় শত বিঘা জমি ও একাধিক বড় মৎস্য খামার।
ঢাকা (মোহাম্মদপুর): ইকবাল রোড (ব্লক-এ, বাড়ি নং-১০/১০) এলাকায় প্রায় ৩,৫০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট (আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা)।
সাভার: ধামরাই এলাকায় একটি ১০ তলা ভবন।
পূর্বাচল: ৩০ কাঠা জমি।
বনানী ও উত্তরা: অভিজাত এলাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও প্লট।
যানবাহন: ব্যক্তিগত চলাচলের জন্য একটি নতুন মডেলের বিলাসবহুল এক্সজিও (Axio) গাড়ি।
অভিযোগপত্রে এনআইডি জালিয়াতি ও শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি আমলে নিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, দুদক আইন ও বিধিমালা অনুযায়ী অভিযোগকারীর পরিচয় গোপনের বিষয়টিও নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।



