নিজস্ব প্রতিনিধি:
কখনো শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয়, কখনো দুর্নীতি দমন কমিশনের (দুদক), কখনো সিনিয়র সাংবাদিক, আবার কখনো গণমাধ্যমের সম্পাদক- পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী পরিচয়ের ভিন্নতা সামনে এনে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক তকমা দেওয়ার হুমকি এবং অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে ‘শিক্ষা সংবাদ’ অনলাইন-এর কথিত সম্পাদক আল আমিন হোসেন মৃধার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে আর্থিক সুবিধা দাবি করা হয়; কথিত দাবি পূরণ না হলে তাঁদের সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত সম্মানহানি হয়- এমন নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। এমনকি একাধিক ব্যক্তিকে একই পরিচয়ের বলয়ে সক্রিয় রেখে বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টির অভিযোগও সামনে এসেছে।
আল-আমীন মৃধার দেখানো পথেই হাটছেন, আফসানা ও আরাফাত নামের দুজন শিক্ষা সংবাদ এর প্রতিনিধি পরিচয়ে তাদের বিরুদ্ধে শিক্ষাভবনে নিয়মিত বিচরণ ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের ভূমিকা, তাঁদের সঙ্গে কথিত সম্পাদকের সম্পর্ক এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাঁদের যোগাযোগের প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন কর্মকর্তা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন সাবেক উপপরিচালক অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তাঁকে আওয়ামীপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন আল আমিন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে তাঁর কাছে অর্থ দাবি করা হয়।
তিনি কয়েক দফায় অর্থ দেওয়ার পরও কথিত হয়রানি বন্ধ হয়নি; বরং বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে একই ধরনের চাপ ও ব্ল্যাকমেইল অব্যাহত রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। সাবেক এই কর্মকর্তার বক্তব্যে উঠে এসেছে, অর্থ প্রদানের পরও একই অভিযোগকে পুঁজি করে নতুন করে চাপ সৃষ্টি করার।
তিনি আরও বলেন, একসময় তাঁকে আওয়ামীপন্থী তকমা দেওয়ার ভয় দেখানো হয়েছে; কিন্তু এখন বিএনপিপন্থী হিসেবে পরিচিত তাঁর এক সহকর্মীর কাছেও একইভাবে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ দাবি করার কথা তিনি শুনেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও একই কৌশলে কর্মকর্তাদের চাপে ফেলার প্রবণতা দেখা যাচ্ছে।
সামান্য বিষয়কে অতিরঞ্জিত করে বড় আকারে উপস্থাপন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্বল অবস্থানে ফেলে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সাবেক এই কর্মকর্তা সরকারের কাছে শিক্ষা সংবাদ ডটকম বন্ধ করে দেওয়ার দাবি জানান।
আল আমিন হোসেন মৃধার পেশাগত কর্মকাণ্ডের সময়ক্রম নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি তিনি ‘শিক্ষাবার্তা’য় যোগদান করেন। অভিযোগকারীদের দাবি, ওই সময় মাউশির আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই সম্পর্ককে কেন্দ্র করে তদবির ও বদলি-বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ দাবি করেছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর আল আমিনের বক্তব্য ও অবস্থানে পরিবর্তন এসেছে। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি মাননীয় শিক্ষা মন্ত্রী ও মাউশি নিয়ে ভিত্তিহীন গুজব ছড়িয়ে আওয়ামীপন্হি কর্মকর্তাদের বাসনা পূরণ করছেন।