সংবাদ সম্মেলন করে তিতাস উপজেলা বিএনপি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক কবির হোসেন
হালিম সৈকত, কুমিল্লা
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: কবির হোসেন। তিনি আজ সোমবার তিতাস প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বিএনপি থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক কবির হোসেন। তিনি বলেন, রাজনীতি ও সাংবাদিকতা একসাথে হয় না। একজন সাংবাদিক রাজনীতিতে সম্পৃক্ত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এর ফলে জনগণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, রাজনীতি থেকে বেরিয়ে আসবো। তিতাস উপজেলা বিএনপি থেকে আমার এই পদত্যাগ এক্ষণেই কার্যকর হবে।
ইতোমধ্যে (গত বছর ১৭আগষ্ট) কবির হোসেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অদ্যাবধি এই বিষয়ে বিএনপি থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে কবির হোসেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই সময় বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




