উচ্ছ্বাস আনন্দ আবেগে জমে ওঠে দ্য টাইমস অফ ঢাকার অনুষ্ঠানমালা
( বিশেষ প্রতিনিধি )
শুক্রবার রাজধানীর রমনায় দুটি অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস আনন্দে মেতে উঠে। ক্রাইম রিপোর্টারদের একমাত্র সংগঠন ক্র্যাবের নির্বাচনকে কেন্দ্র করে দিনভর হৈচৈ, ছোটাছুটিতে প্রাণচঞ্চল ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিট প্রাঙ্গণ থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব, পল্টনসহ আশপাশ এলাকা।
অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দ্য টাইমস অফ ঢাকা আয়োজিত অনুষ্ঠানমালা ঘিরে ছিল ভিন্নমাত্রার উচ্ছ্বাস আনন্দ। রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক, সাংবাদিক, লেখক, বিজ্ঞানী, প্রবাসী বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ, শিল্পীদের আনাগোনা জমে উঠে সেখানে।
উৎসবমুখর পরিবেশে বড় আকারের দৃষ্টিনন্দন কেক কেটে দ্য টাইমস অফ ঢাকা’র ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এ উপলক্ষ্যে “গণতন্ত্র ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। রাত অবধি চলে ব্যান্ড শিল্পীদের মন মাতানো গান বাজনা। আনন্দঘন এ পরিবেশে দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখায় দেশ বাংলার সম্পাদক সাইদুর রহমান রিমনকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবা, উদ্ভাবন, প্রবাসে কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশেষ সম্মাননা পাওয়া গুণীজনেরা হচ্ছেন মহিউদ্দিন জিন্টু, এস ইসলাম নান্নু, মো. নাসির উদ্দিন, এবিএম সাইফুল্লাহ, প্রকৌশলী সাব্বির মোস্তফা খান, মাসুদ আলী, জুবায়ের রাকেশ,
শফিকুল পাভেল, মুস্তাফিজুর রহমান, তানভীর আহমেদ, মুক্তাদির আবির, মোহাম্মদ নির্ভীক, ২০২৪ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কৃত হন মানবকন্ঠের রিপোর্টার আল বারু মোস্তাকিম নিবিড়।
এছাড়াও চব্বিশের বিপ্লবে আলোচিত গানের তরুণ শিল্পী আল ইসলাম নীরব বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
দ্য টাইমস অফ ঢাকা’র সম্পাদক আল বারু মোস্তাকিম নিবিড়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা ভাসানী পরিবারের সদস্য, তার পুত্রবধূ নাসরিন আক্তার ও বিএনপি‘র কেন্দ্রীয় সদস্য মো. মহিউদ্দিন জিন্টু।
আলোচনা সভায় আগামীর বাংলাদেশ নিয়ে চাওয়া পাওয়া, সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন বিএনপি‘র কেন্দ্রীয় সদস্য মো. মহিউদ্দিন জিন্টু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ নাসির উদ্দিন,
এন.কে ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান এস ইসলাম নান্নু, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মিন্টু, মানবাধিকার সংগঠন লাইট হাউস সম্পাদক এবিএম সাইফুল্লাহ, বিডিপিপি চেয়ারম্যান আব্দুল কাদের, সাংবাদিক ঐক্য ফোরামের সাব্বির আহমেদ রনি, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির প্রমুখ।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অপুস ফ্রেন্ড ব্যান্ডদলের জুলাই বিপ্লবের গান পরিবেশনে দর্শক শ্রোতারা আবেগাপ্লুত হয়ে পড়েন। মুহুর্মুহু করতালি, স্লোগানে গোটা সাংস্কৃতিক অনুষ্ঠানমালা মুখরিত হয়ে ওঠে।




