গোয়ালন্দে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠিত জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়কে সম্মাননা
মো: শফিকুল ইসলাম
১৩ জুলাই ২০২৬ (সোমবার) গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে “প্রাথমিক শিক্ষা পদক ২০২৬” প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন গোয়ালন্দ, রাজবাড়ী এবং প্রাথমিক শিক্ষা অফিস গোয়ালন্দ, রাজবাড়ীর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেন নাসরিন আক্তার ইতি। একই সঙ্গে তাঁর বিদ্যালয়ও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ শিক্ষকতা, শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বিদ্যালয় পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষক নাসরিন আক্তার ইতি বলেন, “আমি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের কাছে চির কৃতজ্ঞ। আমাকে এবং আমার বিদ্যালয়কে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়ায় এটি আমার জীবনের অন্যতম বড় পাওয়া ও গৌরবের মুহূর্ত। এ অনুপ্রেরণায় আমি ভবিষ্যতেও আরো উন্নত শিক্ষা ও সৃজনশীল পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকব।”
উপস্থিত শিক্ষাবিদ, অভিভাবক ও সুধীবৃন্দ মনে করেন, এ ধরনের সম্মাননা অনুষ্ঠান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজকে উৎসাহিত করে এবং শিক্ষার্থীদের মনে নতুন স্বপ্ন জাগায়। গোয়ালন্দ উপজেলার শিক্ষাঙ্গনে এটি একটি উল্লেখযোগ্য অর্জন বলে বিবেচিত হচ্ছে




