সৌদি তরুণের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত,
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তায়েফ শহরে এক সৌদি তরুণের এলোপাতাড়ি বন্দুক হামলায় কামরুল জামান (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে তায়েফের হাওয়ায়েয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কামরুল জামান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি দেশে স্ত্রী ও দুই সন্তান রেখে আড়াই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি একরামুল হক।
পাশের একটি ফার্মেসিতে কর্মরত অপর এক বাংলাদেশি জানান, কামরুল জামান নিজ কর্মস্থল সুপারমার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে রাস্তায় দাঁড়িয়ে পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলার সময় আকস্মিকভাবে এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।
প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে পুনরায় সুপারমার্কেটের ভেতরে আশ্রয় নিলে হামলাকারী পিছু ধাওয়া করে ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে অভিযুক্ত হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর আতঙ্কে অন্য কর্মীরা স্থান ত্যাগ করেন।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




