দুর্নীতি ও জালিয়াত চক্রের মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে
অনুসন্ধানী প্রতিবেদন:
গণপূর্ত অধিদপ্তরের খুলনা জোনে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, জাল-জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়ে তোলার অভিযোগ উঠেছে। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে তিনি ঢাকার আজিমপুর ও বগুড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্কেলে পদায়ন বাগিয়ে নেন। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সরকারি বরাদ্দের বড় অংশ হাতিয়ে নিয়ে তিনি বর্তমানে প্রায় অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন।
আজিমপুরে দায়িত্বরত থাকাকালীন তিনি ঘুষ প্রথা চালু করেন বলে ক্ষুব্ধ ঠিকাদারদের সূত্রে জানা যায়। যেকোনো নথিতে সই করতে ১০ শতাংশ হারে অর্থ লেনদেনের বাধ্যবাধকতা তৈরি করেছিলেন তিনি। এছাড়া উক্ত সংস্থায় কর্মরত একজন নারী হিসাব সহকারীকে ঘিরেও সে সময়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, যা সুষ্ঠু তদন্তের দাবি রাখে।
অনুসন্ধানে প্রাপ্ত প্রাথমিক তথ্যমতে, রাজধানীতে মোহাম্মদপুর ও মিরপুরে একাধিক বিলাসবহুল ভবন, পূর্বাচলে প্লট এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাটের মালিকানা রয়েছে তাঁর, যেখানে তাঁর কন্যা বসবাস করেন। নিজ এলাকা টাঙ্গাইলের ঘাটাইলে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি ও ৩ তলা মার্কেট। সালাউদ্দিন সেনানিবাস সংলগ্ন এলাকায় ‘সোনারতরী পার্ক’ ও বিপুল মূল্যে কেনা জমিতে গড়ে তোলা ‘কাঠবাদাম রেস্টুরেন্ট’-এর পেছনেও তাঁর বিপুল বিনিয়োগ রয়েছে বলে সূত্রে প্রকাশ।
প্রশাসনিক দুর্নীতির বাইরেও বিগত চব্বিশের গণআন্দোলন দমনে অর্থায়ন এবং জিকে শামীম ও গোল্ডেন মনিরের মতো বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে অসামাজিক ও ব্যবসায়িক যোগসাজশের অভিযোগও উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
এসব বিষয়ে মোবাইল ফোনে তাঁর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে ফোনকল গ্রহণ করেননি। বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে ।




