দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর!
নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি, সরকারি জমি ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দেওয়ার অভিযোগ, একই জমি থেকে নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ এবং জমি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ—একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে কক্সবাজারের চকোরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুরের বিরুদ্ধে।
বর্তমানে তিনি কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিস, মহেশখালী, ককসবাজারে কর্মরত রয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা, দুদকের চার্জশিট এবং জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ থাকার তথ্য পাওয়া গেছে। কিন্তু এতসব অভিযোগের পরও তাঁর বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট অভিযোগকারী। বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনের পাশাপাশি পদোন্নতির জন্যও তাঁর নাম সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রাপ্ত অভিযোগ ও সংশ্লিষ্ট নথির বিবরণ অনুযায়ী, আবুল মনছুরের বিরুদ্ধে কক্সবাজারের একাধিক মৌজার জমির মালিকানা, সরকারি খাসজমি, জাল দলিল, ভুয়া খতিয়ান সৃজন এবং নামজারি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত কক্সবাজার মৌজার বিএস ৯৮০ নম্বর খতিয়ানের ০.০৫২৮ একর জমি এবং চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর মৌজার বিএস ৭০৫ নম্বর খতিয়ানের ৪৭.৬৮ একর জমিসংক্রান্ত ঘটনা।
কক্সবাজারের সিনিয়র সহকারী জজ আদালতের ফৌজদারি দরখাস্ত নম্বর ১৯/২০১৪-এর বিবরণে উল্লেখ রয়েছে, কক্সবাজার মৌজার বিএস ৯৮০ নম্বর খতিয়ানের ০.০৫২৮ একর জমি নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ৬৭০/২০১৪ নম্বরের জাল দলিলের ভিত্তিতে ৫৯৩১ নম্বর নতুন খতিয়ান সৃজন করা হয়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম-২ এবং আরও দুই কর্মকর্তার মাধ্যমে অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের তথ্য পাওয়া গেছে। ওই মামলায় আবুল মনছুরকে ৮ নম্বর আসামি করা হয়। পরবর্তী সময়ে কক্সবাজারে স্পেশাল মামলা নম্বর ০১/২০১৯ দায়ের করা হয়।
অভিযোগকারী জৈনক কামাল উদ্দিনের দাবি, দুদকের চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পরও আবুল মনছুরের বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা কিংবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি এখনো সরকারি চাকরিতে বহাল রয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, আবুল মনছুরের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর মৌজার ৪৭.৬৮ একর জমি নিয়ে। বড় ভেওলা ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা কামাল উদ্দিন, পিতা মৃত আমির হোসেন, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা অভিযোগে জমির মালিকানা ও সরকারি স্বার্থসংশ্লিষ্ট একাধিক অনিয়মের বিবরণ তুলে ধরেছেন।
অভিযোগে বলা হয়েছে, ভেওলা মানিকচর মৌজার বিএস ৭০৫ নম্বর খতিয়ানের ৪৭.৬৮ একর জমি গোপনীয় জমি উদ্ধার মামলা নম্বর নং -৪/৭৫-৭৬ এর মাধ্যমে ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ জমিটি সরকারের খাস সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে ২০২৫ সালে শাহানা বেগম ওই খাসজমি থেকে বিএস ৭০৫ নম্বর ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে জমি ফেরত দেওয়ার আবেদন করেন। অভিযোগকারীর দাবি, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর শাহানা বেগমের সঙ্গে যোগসাজশ করে সরকারি স্বার্থ উপেক্ষা করেন। বিধিবহির্ভূতভাবে তথ্য গোপন করে প্রতিবেদন দাখিলের মাধ্যমে সরকারি খাসজমি ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সরকারি খাসজমি ব্যক্তিমালিকানাধীন খতিয়ানে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে শাহানা বেগমের কাছ থেকে আবুল মনছুর নিজের নামে ১১.১১৫৬ একর জমির আমমোক্তারনামা গ্রহণ করেন।
অভিযোগে উল্লিখিত দলিলের বিবরণ অনুযায়ী, ৫১৫৯/২০২১ নম্বর আমমোক্তারনামার তারিখ ২৯ অক্টোবর ২০২১। একই ঘটনায় ৫১৬০/২০২১ নম্বর আমমোক্তারনামার তারিখ ১৯ অক্টোবর ২০২১ উল্লেখ করে মোহাম্মদ এরশাদ হোছাইন, পিতা মৃত মোহাম্মদ হোছাইন, সাং দক্ষিণ বহদ্দারকাটা, বিএমচর, চকরিয়া, কক্সবাজারের নামে ১৪ একর জমির আমমোক্তারনামা গ্রহণের কথা বলা হয়েছে।
অভিযোগকারীর দাবি, সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের মধ্যে জমি ভাগাভাগির ঘটনা ঘটে। আরও অভিযোগ করা হয়েছে, আবুল মনছুর নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ করা জমি থেকে ১.১২৩৩ একর বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।
এখানেই শেষ নয়। অভিযোগকারী আরও দাবী করেন , জমি বিক্রির অর্থ দিয়ে তৎকালীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলম এবং উপজেলা চেয়ারম্যান সাঈদীর সঙ্গে সংশ্লিষ্টভাবে জমি, দোকান ও মার্কেট কেনার বিষয়ও সামনে আসে ।
অভিযোগকারীর ভাষ্য, পৈতৃক সূত্রে উল্লেখযোগ্য সম্পদের মালিক না হয়েও সরকারি চাকরির সুবাদে আবুল মনছুর বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁর সম্পদের উৎস, জমি ক্রয়ের দলিল, আর্থিক লেনদেন এবং আয়কর বিবরণী তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
আবুল মনছুরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে তদন্তের উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার স্মারক নম্বর ০৫-২০.২২০০.১২৩.০১৫.০১৮.০০১.২২-২৬, তারিখ ২০ মে ২০২২-এর মাধ্যমে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অভিযোগকারীর দাবি, ওই প্রতিবেদনে আবুল মনছুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছিল।
কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশের পরও কেন তাঁর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্নের উত্তর এখনো অজানা। অভিযোগকারীর দাবি, রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কার্যকরভাবে নিষ্পত্তি করেনি।
খোঁজ নিয়ে জানা যায়, ভেওলা মানিকচর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে আবুল মনছুরের বিরুদ্ধে আদালতেও অভিযোগ দাখিল করা হয়েছিল বলে সরবরাহ করা তথ্যে উল্লেখ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সিনিয়র স্পেশাল জজ আদালত, কক্সবাজারে বিশেষ দরখাস্ত নম্বর ১৫/২০২০ দাখিল করা হয়। আদালত ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে ০১ নম্বর আদেশের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ ছাড়া দুদকের স্পেশাল মামলা নম্বর ০১/২০১৯-এ তাঁকে ৮ নম্বর আসামি করে চার্জশিট দাখিলের বিষয়টিও অভিযোগে পুনরায় উল্লেখ করা হয়েছে। সরকারি খাসজমি অবমুক্ত করার প্রতিবেদন, পরবর্তী সময়ে একই জমি থেকে নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ এবং জমি বিক্রির অভিযোগ—সব মিলিয়ে তাঁর ভূমিকা নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে।
আবুল মনছুরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের পর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের আর.এম শাখা থেকে শুনানির উদ্যোগ নেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা স্মারক নম্বর ০৫.২০.২২০০.১১৯.০৩.০০১.২৫-৭২, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
ওই স্মারকের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ ২০২৬ তারিখে সরাসরি উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছিল। কিন্তু অভিযোগকারীর দাবি, নির্ধারিত দিনে আবুল মনছুর শুনানিতে উপস্থিত হননি।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, সরকারি স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এবং একাধিক তদন্তের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি হতাশ। তাঁর প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতের মামলা, দুদকের চার্জশিট এবং জেলা প্রশাসনের বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ থাকার পরও কেন প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত হচ্ছে না?
অভিযোগকারীর আরও দাবি, আবুল মনছুরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে। ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা আবুল মনছুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, তাঁর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদোন্নতির জন্য সুপারিশ পাঠিয়েছে যা সরকারি চাকরিবিধি অনুসরণের ক্ষেত্রে গুরুতর প্রশ্ন তৈরি করে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মো. আঃ মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। একই সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরেও লিখিত বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।




