দাউদকান্দিতে তালাবদ্ধ বাড়ির গেট কেটে চুরি স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ লুট
দাউদকান্দি (প্রতিনিধি )
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটি তালাবদ্ধ বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ভবনের মেইন গেটের লোহা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন (রবিবার) মৃত’ মান্নান সাহেবের বাড়ীর বাসিন্দা নাইমুর রহমানের স্ত্রী সুজানা ইসলাম (২৮) পরিবারের সবাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
এ সময় তাদের বসত ভবনটি সম্পূর্ণ তালাবদ্ধ ছিল। এই সুযোগে
অজ্ঞাতনামা চোর ভবনের লোহার মেইন গেট কেটে ভেতরে প্রবেশ করে।
চোরচক্রটি ভবনের বিভিন্ন ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং আলমারি তছনছ করে আনুমানিক ২ থেকে ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক আসবাবপত্র চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
১৯ জুন (শুক্রবার) ভুক্তভোগী পরিবারটি বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পায়। ঘরের দরজা ও আলমারি ভাঙা দেখে তারা স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দেয়। আশপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও চুরি হওয়া মালামালের কোনো সন্ধান মেলেনি।
এই ঘটনায় ২০ জুন (শনিবার) বাড়ির মালিক সুজানা ইসলাম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরচক্রটিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



