কালকিনিতে অবৈধভাবে সার মজুত: ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
আশরাফুর রহমান হাকিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত রাসায়নিক সার মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিলারকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
সোমবার কালকিনি উপজেলার সমিতিরহাট বাজারে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। স্থানীয় প্রশাসন জানায়, সরকার অনুমোদিত সার পরিবেশক নুর মোহাম্মদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ট্রেডার্স’-এ অনুমোদনহীনভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অতিরিক্ত ১৪০ বস্তা সার জব্দ করা হয় এবং ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২(৩) ধারা লঙ্ঘনের অপরাধে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে ও নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অনিয়ম ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে নিয়মিত মনিটরিং চলবে। কৃষকের স্বার্থ ক্ষুণ্ণকারী যে কোনো অসাধু তৎপরতা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়ে স্থানীয় প্রশাসন সাধারণ নাগরিকদেরও এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানিয়েছে।



