দেবিদ্বারে পাঁচ বছরের শিশুকে বলাৎকার : মামলা তুলে নিতে পরিবারকে হুমকী
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। একই সঙ্গে অভিযুক্ত পক্ষ মামলা তুলে নিতে শিশুটির পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের সুত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার দিন শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল।
এ সময় প্রতিবেশী শাহ আলী (১৯) শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করা হয়। ঘটনার পর কিছু সময়ের মধ্যেই শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।
শিশুটির মা রহিমা আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় তিনি সন্তান নিয়ে একা ও অসহায় অবস্থায় বসবাস করছেন। এই দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হয়রানি করে আসছিল।
ঘটনার পর আইনগত পদক্ষেপ নেওয়ায় অভিযুক্ত পক্ষ এখন মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাইনুদ্দিন জানান,মামলা দায়েরের পর আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে৷ মামলা তুলে নেওয়ার হুমকীর কেনো অভিযোগ এখনো পাননি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।





